রুয়েট প্রতিনিধি:
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনায় সহায়তা করাই প্ল্যাটফর্মটির অন্যতম উদ্দেশ্য। এখানে রুয়েটের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার আগ্রহ, অভিজ্ঞতা ও অর্জনের তথ্য এক জায়গায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীরা জানতে পারবেন, সংশ্লিষ্ট শিক্ষকেরা কোন দেশ থেকে স্নাতকোত্তর বা পিএইচডি করেছেন এবং বর্তমানে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এসব তথ্যের ভিত্তিতে বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সম্ভাবনা সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া সহজ হবে বলে মনে করছেন উদ্যোক্তা।
গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্যও প্ল্যাটফর্মটিতে রয়েছে শিক্ষকদের খুঁজে দেখার সুযোগ। নির্দিষ্ট কোনো বিষয়ে কাজ করতে চাইলে শিক্ষার্থীরা ওই বিষয়ে গবেষণায় যুক্ত শিক্ষকদের সম্পর্কে জানতে পারবেন। এতে নিজের আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণাক্ষেত্র নির্বাচন এবং সম্ভাব্য তত্ত্বাবধায়ক খুঁজে পাওয়ার ক্ষেত্রে সহায়তা মিলতে পারে।
শুধু তথ্য জানার মধ্যেই সীমাবদ্ধ নয় প্ল্যাটফর্মটি। শিক্ষকদের পাঠদান নিয়ে রিভিউ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষার্থীরা কোনো শিক্ষকের পাঠদানের ভালো দিকগুলো তুলে ধরতে পারবেন, পাশাপাশি উন্নতির প্রয়োজন রয়েছে—এমন বিষয়েও গঠনমূলক মতামত জানাতে পারবেন। সরাসরি শিক্ষকের কাছে মতামত প্রকাশে যাঁরা অস্বস্তি বোধ করেন, তাঁদের জন্যও এ ব্যবস্থা সহায়ক হতে পারে। আজহার আলীর প্রত্যাশা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পরামর্শ পাঠদানের পদ্ধতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মতামত প্রকাশের ক্ষেত্রে পরিচয় গোপন রাখার ব্যবস্থাও রয়েছে। রিভিউদাতার নামের পরিবর্তে ‘এনোনিমাস স্টুডেন্ট’ পরিচয় দেখানো হয়। উদ্যোক্তার ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীর গোপনীয়তা বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ জন্য আর্গন২আইডি ও ইউজার-সেন্ট্রিক সিক্রেট প্রাইভেসি মেকানিজম নিয়ে কাজ করা হয়েছে। কারিগরি বাস্তবায়নের এ অংশে আজহার আলী তাঁর এক বন্ধুর সহায়তা নিয়েছেন।
প্ল্যাটফর্মটির লক্ষ্য সম্পর্কে আজহার আলী বলেন, “রুয়েটের শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করাই আমার মূল লক্ষ্য ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহের গবেষণাক্ষেত্র অনুযায়ী শিক্ষক খুঁজে পাবেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও ধারণা পাবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখতে পারে।”
প্রকল্পটির ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো পর্যালোচনার জন্য গিটহাবে একটি প্রকাশ্য রিপোজিটরি রয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু কারিগরি বাস্তবায়ন প্রকাশ করা হয়নি বলে এটি পূর্ণাঙ্গ ওপেন সোর্স প্রকল্প নয়। উদ্যোক্তার উদ্যোগে তৈরি প্ল্যাটফর্মটি রুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক বা অনুমোদিত কোনো সেবা নয়।
‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ ব্যবহার করতে ভিজিট করা যাবে https://www.ruetfacultyreview.site ঠিকানায়। প্রকল্পের প্রকাশ্য ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো পাওয়া যাবে https://github.com/Ajhar146/ruet-faculty-review-public.git ঠিকানায়।


Post a Comment